দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করে যা বললেন আফগান তরকা
এবার নিজের দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। প্রথম বিয়ের ১০ মাসের ব্যবধানে দ্বিতীয় বিয়েটি করেন এই আফগান অলরাউন্ডার।
মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের সাজে সাদা পোশাকে দুটি ছবি পোস্ট করেন রশিদ খান।
নিজের দ্বিতীয় বিবাহের কথা জানিয়ে পোস্টের ক্যাপশনে তারকা এই ক্রিকেটার লিখেছেন, ২০২৫ সালের ২ আগস্ট, আমি আমার জীবনের নতুন এবং অর্থবহ অধ্যায় শুরু করেছি। ওইদিন আমার নিকাহ সম্পন্ন হয় এবং আমি এমন এক নারীকে বিয়ে করি, যিনি একজন ভালোবাসা, শান্তি ও প্রকৃত সঙ্গীর প্রতিচ্ছবি—যা আমি সবসময় আশা করেছি।
সম্প্রতি নববধূকে সঙ্গে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হন তা বর্ণনা করে রশিদ খান লেখেন, এটা সত্যিই দুঃখজনক। এত সামান্য বিষয় নিয়েও মানুষ নানা ধরনের অনুমান করে যাচ্ছে।
তবে বিয়ের বিষয়টি খুবই সহজ উল্লেখ করে এই ক্রিকেটার বলেন, এটাই সত্যিই খুব সহজ বিষয়, তিনি আমার স্ত্রী এবং আমরা একসঙ্গে, সৎভাবে, কিছু লুকানোর প্রয়োজন ছাড়াই এগিয়ে যাচ্ছি।যারা দয়া, সমর্থন ও বোঝাপড়া দেখিয়েছেন—আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।
জানা গেছে, তার স্ত্রী একজন আফগান বংশোদ্ভূত এবং বর্তমানে বিদেশে বসবাস করছেন।
এর আগে, গত বছরের অক্টোবরে রাজধানী কাবুলে রশিদ খানের প্রথম বিয়ে অনুষ্ঠিত হয়। একই মঞ্চে তিনি ও তার তিন ভাই একসঙ্গে বিবাহ সম্পন্ন করেন।
তবে প্রথম স্ত্রীর সঙ্গে রশিদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।
যদিও বিশ্বকাপ জেতা না পর্যন্ত বিয়ে না করার প্রতিজ্ঞা করে কয়েক বছর আগে আলোচনার জন্ম দিয়েছিলেন এই আফগান ক্রিকেটার।