জামায়াতে যোগ দিলেন বিএনপির ২০ নেতাকর্মী
বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ইন্দ্রোপাশা গ্রামের ২০ নেতাকর্মী। সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলা জামায়াতে ইসলামী প্রধান কার্যালয়ে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।
ইন্দ্রোপাশা গ্রামের যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন ও বিএনপি নেতা সালমান মাহমুদের নেতৃত্বে বিএনপির এসব নেতাকর্মী জামায়াতে যোগ দেন।
মূলত বিএনপির সাম্প্রতিকসময়কার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই জামায়াতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন এসব নেতাকর্মীরা।
জামায়াতে যোগ দিয়ে মামুন বলেন, “আমি বিএনপির সঙ্গে জড়িত ছিলাম, রাস্তায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছি বিএনপির হয়ে। ৫ আগস্টের পর আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে একাধিক বার আলাপ করেছি যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দল করা আমাদের পক্ষে করা সম্ভব না। তাই আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।’
এসময় উপস্থিত ছিল উপজেলা জামায়াতে ইসলামী আমির কবির হোসেন, সেক্রেটারি সাইদুর রহমান, সদর ইউনিয়ন আমির আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমির আব্দুল আলীম, ফারুখ আহম্মেদ আরও অনেকে।