1. হোম
  2. সারাদেশ

বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে আগুন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫, ০৩:২৪ এএম
বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘বালু মহাল নিয়ন্ত্রণ’কে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ও ঘরে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটা থেকে টানা তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষের সময় প্রতিপক্ষের বাড়িঘরে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বিএনপি নেতা দুই ভাই হলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। এই দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে। এ দ্বন্দ্বের মূল কারণ পিরোজপুর ইউনিয়নের বালুমহাল নিয়ন্ত্রণে স্থানীয় আধিপত্য বিস্তার। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাদের সমর্থকরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ইট-পাটকেল ছোড়া হয় এবং একে অপরের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার পর দুই ভাইকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “একটি ঘরে আগুন নেভানোর সময় আরেকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাই। সব আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুʼটি ইউনিটের প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।”

সংঘর্ষে আহত আব্দুল জব্বারের সমর্থক হিসেবে পরিচিত রানা মিয়া সাংবাদিকদের বলেন, আগুন দেওয়া চারটি ঘর তাদের পক্ষের লোকজনের।