1. হোম
  2. জাতীয়

অন্তর্বর্তী সরকারের বৈধতা ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত কাল

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম
অন্তর্বর্তী সরকারের বৈধতা ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত কাল
ফাইল ছবি

অন্তবর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। রিট আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চূড়ান্ত আদেশ দেবেন আপিল বিভাগ।

বুধবার (৩ ডিসেম্বর) শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ দিন ধার্য করেন।

শুনানি করেন অ্যার্টনি জেনারেল, অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এবং একজন আইনজীবী।

এ সময়, অ্যার্টনি জেনারেল বলেন, ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।

শুনানিতে আইনজীবীরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনঃগঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী।

এদিকে রিটকারী আইনজীবীর দাঁড় করানো মূল যুক্তি ছিল, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে তারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। যদিও তার এমন যুক্তি আমলে নেননি হাইকোর্ট। খারিজ করে দেয়া হয়েছিল রিটটি।